যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’
ছবি: সংগৃহীত
‘হাওয়া’র সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ এবার দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পাচ্ছে। ঈদে বাংলাদেশে মুক্তি পাওয়া ছবিটি আন্তর্জাতিকভাবে পরিবেশন করছে বায়োস্কপ ফিল্মস।
প্রতিষ্ঠানটির ৫৫তম পরিবেশনা হিসেবে ‘রইদ’ মুক্তি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, গত কয়েক বছরে প্রবাসী দর্শকদের মধ্যে বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে।
তিনি জানান, ‘রইদ’কে অস্কার কোয়ালিফাইং রাউন্ডে উপস্থাপনের প্রয়োজনীয় মানদণ্ড পূরণের চেষ্টাও চলছে। একই সঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমনের নির্মাণশৈলীর প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন শহর থেকে দর্শকরা ইতোমধ্যে ছবিটি নিয়ে আগ্রহ প্রকাশ করছেন।
ছবিটির আন্তর্জাতিক মুক্তি নিয়ে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, আমি কাউকে জোর করে ছবি দেখতে বলি না। তবে যারা দেখেন এবং নিজেদের অনুভূতি জানান, তাদের প্রতি কৃতজ্ঞ। ‘রইদ’ খুব সাধারণ একটি প্রেমের গল্পের সিনেমা। এর মূল্যায়ন দর্শকরাই করবেন।
‘রইদ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এই ছবির জন্য দীর্ঘ সময় অন্য কোনো কাজ করিনি। সেই পরিশ্রম পর্দায় ফুটে উঠেছে বলে বিশ্বাস করি। আশা করছি, প্রবাসী দর্শকরাও ছবিটি উপভোগ করবেন।
আরও পড়ুন: শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট, ভক্তদের উচ্ছ্বাস
আগামী জুন মাসের শেষ সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে ছবিটি প্রদর্শিত হবে। ‘রইদ’ প্রযোজনা করেছে বঙ্গ বিডি ও ফেসকার্ড এবং আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কপ ফিল্মস। ছবিটির ডিজিটাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছে কোলাহল কমিউনিকেশন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








