মধ্যপ্রাচ্য সংকট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে: জাতিসংঘ মহাসচিব
ছবি: সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে এবং এর প্রভাব শুধু অঞ্চলটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে এবং এর পরিণতি অঞ্চলটির সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে।
গুতেরেস উল্লেখ করেন, চলতি সপ্তাহে সংঘাত আরও বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতির অবনতি ঘটেছে। তার ভাষায়, যেখানে যুদ্ধবিরতি থাকার কথা, সেখানে এখন তা অনেকটা কম মাত্রার যুদ্ধবিরতি বা ‘লেসার-ফায়ার’-এ পরিণত হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, কম মাত্রার সংঘাত যে পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেবে না, এমন ঝুঁকিকে খাটো করে দেখার সুযোগ নেই।
জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, কূটনৈতিক সমাধানের পথেই এগোতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়। সব পক্ষকে একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করতে হবে।
আরও পড়ুন: ফের হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ কর্মকর্তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।
ট্রাম্প বলেন, সর্বশেষ অভিযানে মার্কিন বাহিনী ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত ইরান মেনে না নিলে ‘আগামী রাতেও তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালানো হবে’।
তবে ট্রাম্পের এই দাবি দ্রুতই প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান কখনোই হামলা বন্ধের অনুরোধ জানিয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেনি।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন— এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।’
সূত্র: আল জাজিরা, ফক্স নিউজ।
নিউজবাংলাদেশ.কম/এনডি








