দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষ রোপণ শুরু
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
দেশজুড়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) দুপুর ৩টার দিকে কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জনের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন।
এসময় পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য মন্ত্রী-এমপিরা ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন ।
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। মালুমঘাটে সেই কর্মসূচি উদ্বোধন করে আরেকটি নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করা বিএনপি ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মতো নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। এর বাইরে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা এবং ক্রীড়াবিদদের সন্মানী ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি চালু করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: প্রধানমন্ত্রী
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে ৪৯ জেলার ১৪৯ উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, পরিবেশ সচিব রায়হান কাওছার।
নিউজবাংলাদেশ.কম/এনডি








