নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৭, ১২ জুন ২০২৬

হামের ছোবলে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত ৬৪৩

হামের ছোবলে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত ৬৪৩

ফাইল ছবি

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ১২ জুন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৫১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ের মধ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যায়, এই সময়ে দেশে নতুন করে আরও ১২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট ১০ হাজার ১৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসেছেন ১ হাজার ২৭ জন রোগী, যাদের মধ্যে ঢাকা বিভাগেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি (৪৩৯ জন)। এ পর্যন্ত সব মিলিয়ে মোট ৮৪ হাজার ২২৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৪২

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে এখন পর্যন্ত মোট ২৩২ জন প্রাণ হারিয়েছে। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে মোট ৮৬ জন মারা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ৯৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ২৭৫ জন।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে হামের সংক্রমণের ভয়াবহতা স্পষ্ট হয়েছে। গত ৪ মে ও ২৫ মে একদিনে ১৭ জন এবং ২৪ মে একদিনে ১৬ জন শিশুর মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছিল, যা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং লক্ষণ দেখা দেওয়া মাত্রই দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়