ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৪, ১০ জুন ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, ফি এবং পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বুধবার (১০ জুন) থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ৫ জুলাই থেকে ডাউনলোড করা যাবে এবং প্রথমবর্ষের ক্লাস শুরু হবে ৬ সেপ্টেম্বর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা এই তিন ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া আবেদন-সংক্রান্ত যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ফল প্রকাশের সম্ভাব্য তারিখও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ফল ১৪ জুলাই এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল ২০ জুলাই প্রকাশ করা হবে।

আরও পড়ুন: চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিল সরকার

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পর প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবারই প্রথম ভর্তি পরীক্ষা আয়োজন করছে। বিশ্ববিদ্যালয়টির অধীনে থাকা সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়