ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৯, ১২ এপ্রিল ২০২৬

পড়ার টেবিলে বসেই স্ট্রোকে চবি শিক্ষার্থীর মৃত্যু

পড়ার টেবিলে বসেই স্ট্রোকে চবি শিক্ষার্থীর মৃত্যু

জীবক চাকমা (২০)। ফাইল ছবি

পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় অসুস্থ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম জীবক চাকমা (২০)।

রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকার বাসিন্দা রবিলেন্দু চাকমার ছেলে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী অন্বেষ চাকমা জানান, সকালে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীবক। পরে দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তাকে মেডিকেল সেন্টারে আনা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, অসুস্থ হয়ে পড়ার পর তাকে প্রথমে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হাজারীবাগ থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আবদুল্লাহ হোসেন জানান, জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়