ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৫, ১৬ মে ২০২৬

নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শান্ত বণিক। ছবি: সংগৃহীত

সিলেটের বিছানাকান্দিতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে শান্ত বণিক নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ৯টা ৪০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৫ মে)  সহপাঠীদের সঙ্গে বিছানাকান্দিতে ভ্রমণে যান শান্ত। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় শান্তসহ তিন সহপাঠী একসঙ্গে পানিতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের টানে শান্ত তলিয়ে যান। বাকি দুজন নিরাপদে তীরে উঠতে পারলেও শান্ত নিখোঁজ থাকেন।

শান্ত বণিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর উদ্ধারকাজে বিলম্বের অভিযোগ তুলেছেন শান্তর সহপাঠীরা। বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা জানান, শান্ত নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিস বা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে স্থানীয় ডুবুরিরা নিজ উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু করেন।

এ বিষয়ে বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তারা বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ডসংলগ্ন হওয়ায় এবং সিলেট থেকে ডুবুরি দল পৌঁছাতে সময় লাগায় উদ্ধার অভিযান শুরু করতে কিছুটা দেরি হয়। স্থানীয়রা নৌকা নিয়ে চেষ্টা করলেও শুরুতে সফল হননি।

আরও পড়ুন: ঢাবির নতুন প্রক্টর ইসরাফিল রতন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত ৯টা ৪০ মিনিটে শান্ত বণিকের মরদেহ উদ্ধার করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়