চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিল সরকার
ফাইল ছবি
দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম হেমায়েত জাহান। তিনি এর আগে একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে বর্তমান উপাচার্য কাজী রফিকুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। বিদায়ী উপাচার্য মো. শহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। একই সঙ্গে বর্তমান উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ হানিফ। তিনি নবপ্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিয়োগপ্রাপ্ত এই চার উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত কার্যকর থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








