সৌদি আরবে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ প্রবাসী গ্রেফতার
ছবি: সংগৃহীত
অবৈধভাবে বসবাস, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (৭ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।
বিবৃতিতে বলা হয়, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব প্রবাসীকে গ্রফতার করা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৬০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৫৭৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ১২৬ জন রয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার, ২৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ২৫ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এর মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪ হাজার ৪৯৫ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া বহিষ্কারের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে।
সৌদি আইন অনুযায়ী, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলি নজরদারি, পেন্টাগনের উদ্বেগ
বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বাস সৌদি আরবে। দেশটির শ্রমবাজারে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী কর্মরত রয়েছেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








