মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ালো সরকার
ফাইল ছবি
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) নতুন বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।
সম্প্রতি এ বিষয়ে মতামত দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।
এর আগে গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের (সমমর্যাদাসহ) সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীদের (সমমর্যাদাসহ) একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ এর নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণে সম্মতি দেওয়া হয়েছে।
এর আগে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে নিয়োগ পেতেন, যেখানে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তের ফলে তাদের মূল বেতন ১০ হাজার ৫৪০ টাকা বৃদ্ধি পেল।
তবে এ বেতন নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী, নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা পাওয়া যাবে।
এছাড়া তারা কোনো ধরনের পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিলের সুবিধা পাবেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
অর্থ বিভাগ আরও জানিয়েছে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








