ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
বেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা এবং টিকা সংকটজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আবেদনটি খারিজের আদেশ দেন।
এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আদালতে মামলার আবেদন করেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়।
আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট এবং চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। টিকা আমদানিতে বিলম্ব ও প্রশাসনিক অবহেলার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে বলেও দাবি করা হয়।
মামলার বাদী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, অন্তর্বর্তী সরকারের অবহেলা এবং টিকা আমদানির জটিলতার কারণে পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠে। বিদেশি উৎস থেকে ভ্যাকসিন আমদানির প্রচলিত প্রক্রিয়া বন্ধ করে পরবর্তীতে দরপত্র প্রক্রিয়ায় যাওয়ায় বিলম্ব সৃষ্টি হয়, যার ফলে রোগটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত। ভবিষ্যতে কোনো সরকার যেন শিশুদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচির ক্ষেত্রে অবহেলা না করে, সেটিই আমরা নিশ্চিত করতে চাই।’
আরও পড়ুন: হামে শিশুর মৃত্যু: ইউনূস, নুরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
উল্লেখ্য, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে পাঁচটি চিঠিও দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তবে আদালত শুনানি শেষে মামলার আবেদন গ্রহণ না করে তা খারিজ করে দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








