ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৪, ৮ জুন ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়ার সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তেলের দাম বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (৮ জুন) সকাল ৯টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১৩ দশমিক ১১ ডলারে নেমে আসে। এর আগে শুক্রবার স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে গত ২৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়ান্ডার (ওয়ান্ডা) জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আরও কঠোর মুদ্রানীতির পথে যেতে পারে এমন আশঙ্কা বাজারে প্রভাব ফেলছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ ফলন স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।

১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন আগের সেশনে দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আরও বেড়েছে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের সুযোগ ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরাইল জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানালেও এই হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। বিশ্লেষকদের মতে, এতে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা আরও বাড়তে পারে।

সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। তবে উচ্চ সুদের হারের কারণে সুদবিহীন ধাতু হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

বাজার পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। বর্তমানে ডিসেম্বরের মধ্যে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৭২ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেড কর্মকর্তা বেথ হাম্যাক বলেন, সাম্প্রতিক কর্মসংস্থান তথ্য অনুযায়ী শ্রমবাজার প্রায় পূর্ণ কর্মসংস্থানের অবস্থায় রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন: রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু

অন্যদিকে মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৭ দশমিক ৫৬ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১ হাজার ৭৬৭ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত থেকে ১ হাজার ২২৫ দশমিক ৬৬ ডলারে রয়েছে। সূত্র: রয়টার্স

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়