আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৭, ৬ জুন ২০২৬

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির আশপাশে উত্তেজনা আরও তীব্র হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে। শনিবার (৬ জুন মার্কিন সেনাবাহিনী ইরানের উপকূলীয় রাডার স্থাপনাসহ একাধিক নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে ওই এলাকায় ইরানের চারটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বরাতে বলা হয়, হরমুজ প্রণালির গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানি নজরদারি স্থাপনাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

মার্কিন সূত্রের দাবি, ইরানের ড্রোনগুলো ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট, যার মাধ্যমে বৈশ্বিক তেলের বড় একটি অংশ পরিবাহিত হয়।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক আলোচনা পরোক্ষভাবে অব্যাহত রয়েছে বলে জানা গেছে। তেহরান তার তেল রপ্তানির অর্থ ফেরত, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কৌশলগত জলপথে নিয়ন্ত্রণ শিথিল করার দাবি জানাচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কিছু অস্ত্র এখনো অবশিষ্ট রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

আরও পড়ুন: ‘অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত’

বিশ্লেষকদের মতে, চলমান পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যা বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। সূত্র: রয়টার্স

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়