ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৯
ছবি: সংগৃহীত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিন্দানাও অঞ্চলের উপকূলসংলগ্ন সমুদ্রগর্ভে। শক্তিশালী কম্পনে বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি স্থাপনা ধসে পড়ার খবর পাওয়া গেছে।
সরকারি তথ্যমতে, নিহতদের মধ্যে দাভাও অক্সিডেন্টাল প্রদেশে তিনজন, জেনারেল সান্তোস শহরে তিনজন এবং দক্ষিণ কোতাবাতো প্রদেশে দুইজন রয়েছেন।
ভূমিকম্পের পরপরই প্রায় সাত লাখ ২০ হাজার জনসংখ্যার জেনারেল সান্তোস শহরসহ উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে মূল ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর একাধিক পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী পরাঘাতের মাত্রা ছিল ৬ দশমিক ৫ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ভূমিকম্পের প্রভাবে প্রতিবেশী ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি দেখা দিয়েছে। একই সঙ্গে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরও পড়ুন: যুদ্ধবিরতির মধ্যেই ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি








