স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩০, ৬ জুন ২০২৬
আপডেট: ১০:৩১, ৬ জুন ২০২৬

এবারের ডেঙ্গুর রূপ হতে পারে ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

এবারের ডেঙ্গুর রূপ হতে পারে ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের শরীরে রক্তক্ষরণের আশঙ্কা থাকতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবারের ডেঙ্গুর ধরন হতে পারে অত্যন্ত ভয়াবহ, যা ‘হেমোরেজিক ডেঙ্গু’ নামে পরিচিত। এ ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই রোগীর শরীরে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে। এ অবস্থায় আগে থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পরিদর্শনের সময় কোনো স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি ডিএসসিসির এক জরিপের তথ্য তুলে ধরে জানান, দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

প্রশাসক আব্দুস সালাম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। জনসচেতনতা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে একসঙ্গে কাজ করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়