শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ও ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট কাজ করে।
শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। এরপর আরও দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার খবর পাওয়ার ১৪ মিনিটের মধ্যেই প্রথম দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণভাবে নির্বাপণ করতে আরও কিছু সময় লাগে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: ডিএসসিসির ৬০% বাড়িতেই এডিসের লার্ভা
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল এবং আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








