ঢাকা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
রাজধানী ঢাকার পরিবেশগত অবস্থা ও নাগরিক দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৬ জুন) ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, 'এটা (ঢাকা) আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। আমার তো মনে হয়, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা।'
ঢাকার নদী দূষণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, 'যখন ঢাকা কলেজে পড়তাম, মাঝে মধ্যে বুড়িগঙ্গায় নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম। এখন তো বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটাই দূষিত হয়ে গেছে।'
রাজধানীর বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, 'আজকাল আমার নিজেরই মনে হয় আর ঢাকা শহরে থাকব না। আমার শহর ঠাকুরগাঁওয়ে গিয়ে থাকব। সরকারি কোনো হাসপাতালে যেতে চাইলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠানই যেন ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে।'
পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হলে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে হবে। আর ঢাকাকে বাঁচাতে হলে সবার আগে নদীগুলোকে রক্ষা করতে হবে।
আরও পড়ুন: ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পরিবেশ সংরক্ষণ, নদী দূষণ রোধ এবং নাগরিক সেবা উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








