স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৫, ৬ জুন ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ বাংলাদেশি হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ বাংলাদেশি হাজি

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হাজি। একই সময়ে সৌদি আরবে অবস্থানকালে ৪৮ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৬ জুন) পর্যন্ত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিনে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এ তথ্য জানা গেছে।

ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন হাজি দেশে ফিরেছেন।

ফ্লাইট ও বিমান সংস্থাগুলোর পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখন পর্যন্ত ১১ হাজার ৫৭৯ জন হাজিকে পরিবহন করেছে। সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৫৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন আরও ৯৯৪ জন হাজি।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জনেরও বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।

এদিকে সৌদি আরবে অবস্থানরত হাজিদের জন্য চিকিৎসা ও অন্যান্য সেবাও অব্যাহত রেখেছে বাংলাদেশ হজ মিশন। এখন পর্যন্ত ৫৭ হাজার ২০২টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৬ হাজার ৩৫টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়, অসুস্থ হয়ে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৬০ জন হাজি। বর্তমানে ২৩ জন হাজি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: হজ শেষে দেশে ফিরেছেন ২৯ হাজারের বেশি বাংলাদেশি যাত্রী

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তনে হজ মিশন, বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম সম্পন্ন হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়