হজ শেষে দেশে ফিরেছেন ২১ হাজার ৩৪৩ বাংলাদেশি
ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২১ হাজার ৩৪৩ জন বাংলাদেশি হজযাত্রী। একই সময়ে সৌদি আরবে ৪৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) পর্যন্ত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৪ জন ও মদিনায় ১০ জন ইন্তেকাল করেছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশে ফেরা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরেছেন ৬ হাজার ২৩৭ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ৭ হাজার ৩৫৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৭ হাজার ৭০০ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন আরও ৫১ জন হজযাত্রী।
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।
অন্যদিকে, সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসা ও সেবাদান কার্যক্রমও অব্যাহত রয়েছে। বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ২৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৪ হাজার ৮০০টি সেবা দেওয়া হয়েছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ২৪৯ জন হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৩২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন: চলতি বছরে হজে গিয়ে এ পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার কার্যক্রম সম্পন্ন হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








