হজ শেষে দেশে ফিরেছেন ২৯ হাজারের বেশি বাংলাদেশি যাত্রী
ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিরতি ফ্লাইট কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৬ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে ৩৫ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মারা গেছেন। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী।
ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৬ হাজার ৩৬৬ জন।
বিভিন্ন এয়ারলাইনের মাধ্যমে হাজিরা দেশে ফিরছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৯ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ১১ হাজার ৩৩১ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৭ হাজার ৭০০ জন এবং অন্যান্য এয়ারলাইনে ফিরেছেন ৬৮২ জন।
হজ চলাকালীন ও পরবর্তী সময়ে সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৫৬ হাজার ৩১২টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৫ হাজার ৭১০টি সেবা প্রদান করা হয়েছে।
এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৬২ জন হজযাত্রী। বর্তমানে ২৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: হজ শেষে দেশে ফিরেছেন ২১ হাজার ৩৪৩ বাংলাদেশি
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট চলবে। এরপর পুরো হজযাত্রী প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে হাজিদের দেশে ফিরিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে।








