News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩১, ৩০ মে ২০২৬

শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন, দেশে ফিরছেন হাজিরা

শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন, দেশে ফিরছেন হাজিরা

ছবি: সংগৃহীত

তিন জামারায় শয়তানকে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে হজ কার্যক্রম সম্পন্ন করে এখন লাখো মুসল্লি নিজ নিজ দেশে ফেরার যাত্রা শুরু করেছেন।

শুক্রবার (২৯ মে) হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাতেই সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশে প্রথম ফিরতি হজ ফ্লাইট ছেড়ে যায়।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি ছেড়ে আসে। সূচি অনুযায়ী আগামী ১ জুলাই পর্যন্ত এ ফিরতি হজ ফ্লাইট চলবে।

প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট (এসভি-৫৮০৬) দিয়ে এই ফিরতি যাত্রা শুরু হয়।

এদিকে এবারের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন: আজ শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করবেন হাজিরা

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ও ভিসা কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবস্থা নেওয়ায় কোনো সূচি বিপর্যয় ছাড়াই শতভাগ নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়