হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালি অবিলম্বে বৈশ্বিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দেওয়ার বিষয়েও জোর দেন তিনি।
তবে সম্ভাব্য যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে দাবি করেছে ইরান।
শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য চুক্তির কয়েকটি শর্ত তুলে ধরেন ট্রাম্প।
তার শর্ত অনুযায়ী, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়াই উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করার কথা বলেন তিনি। প্রণালিতে মাইন থাকলে তা দ্রুত অপসারণের আহ্বানও জানান ট্রাম্প।
তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে কয়েকটি মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে।
ট্রাম্প আরও বলেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। এতে বর্তমানে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবে।
এছাড়া প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতায় উদ্ধার করে ধ্বংস করা হবে বলেও দাবি করেন তিনি।
তবে ট্রাম্পের এসব বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, ট্রাম্প চুক্তির গুরুত্বপূর্ণ অংশ বিকৃতভাবে উপস্থাপন করেছেন, যাতে তিনি ভুয়া বিজয়ের ধারণা তৈরি করতে পারেন।
আরও পড়ুন: প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
ইরানি সূত্রগুলোর দাবি, সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের বিষয়ে ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে টোলমুক্ত চলাচলের বিষয়টিও খসড়া চুক্তিতে অন্তর্ভুক্ত নয় বলে জানানো হয়েছে।
তেহরানের অভিযোগ, ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে থাকা ইরানের বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করা এবং লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করেছেন। সূত্র: আল জাজিরা
নিউজবাংলাদেশ.কম/এসবি








