দেশে ফিরল মিসাইল হামলায় নিহত বাংলাদেশি শ্রাবনের মরদেহ
ছবি: সংগৃহীত
ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
এদিন ভোর ৫টা ১৫ মিনিটে শ্রাবনের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মোহাম্মদ শ্রাবন (পাসপোর্ট নম্বর: ইজে ০৮২০৩২৭) মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। তিনি প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইরাকের বাগদাদে পাড়ি জমান।
সম্প্রতি বাগদাদে মিসাইল হামলায় তিনি নিহত হন। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। পরে তুরস্কে প্রায় ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে আরেকটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় মরদেহটি।
আরও পড়ুন: ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দাফন-কাফন বাবদ ৩৫ হাজার টাকার আর্থিক অনুদান শ্রাবনের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








