হোয়াটসঅ্যাপে এআই চ্যাটের জন্য আসছে ‘ইনকগনিটো’ মোড
ছবি: সংগৃহীত
ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা আরও সুরক্ষিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। এআই চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথন সুরক্ষিত রাখতে প্ল্যাটফর্মটিতে নতুন ‘ইনকগনিটো’ মোড চালুর ঘোষণা দিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা।
নতুন এ ফিচারের বিশেষত্ব হলো- ব্যবহারকারী ও এআইয়ের মধ্যকার আলাপচারিতা খোদ মেটা কর্তৃপক্ষও দেখতে পারবে না। ইনকগনিটো মোড চালু থাকলে চ্যাট মনিটর করা হবে না এবং কথোপকথন শেষ হওয়ার পর আগের বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেন, অনেক মানুষ স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক কিংবা অর্থনৈতিক বিষয় নিয়ে এআইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। তবে তারা চান না এসব তথ্য অন্য কেউ দেখুক।
তবে এ ফিচার নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ‘সারে ইউনিভার্সিটি’র অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, চ্যাটের কোনো রেকর্ড সংরক্ষণ না হলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হতে পারে।
গত বছর মেটা হোয়াটসঅ্যাপে ‘মেটা এআই’ যুক্ত করার পর অনেক ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করেছিলেন। কারণ, তখন এ ফিচারটি বন্ধ করার কোনো উপায় ছিল না। তবে চলতি বছরের মে মাসে মার্ক জাকারবার্গ জানান, মেটার সব প্ল্যাটফর্ম মিলিয়ে তাদের এআই ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে ১০০ কোটি ছাড়িয়েছে।
বর্তমানে অধিকাংশ এআই কোম্পানি ব্যবহারকারীদের চ্যাটিং তথ্য সংরক্ষণ করে থাকে। এসব তথ্য ভবিষ্যৎ এআই মডেল প্রশিক্ষণেও ব্যবহার করা হয়। তবে জাকারবার্গ দাবি করেছেন, নতুন এ ইনকগনিটো মোড হবে এমন প্রথম বড় এআই সেবা, যেখানে সার্ভারে কোনো আলাপের রেকর্ড সংরক্ষণ করা হবে না।
ক্যাথকার্ট জানান, নতুন মোডটি সাধারণ এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো না হলেও কার্যকারিতার দিক থেকে প্রায় একই ধরনের সুরক্ষা দেবে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, স্বয়ংক্রিয়ভাবে চ্যাট মুছে যাওয়ার কারণে এআইয়ের ভুল তথ্য বা ক্ষতিকর পরামর্শের বিষয়ে তদন্ত করা কঠিন হয়ে যেতে পারে।
এদিকে ওপেনএআই ও গুগলসহ বেশ কয়েকটি এআই কোম্পানি বর্তমানে বিভিন্ন আইনি জটিলতার মুখে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহারে গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহিতার ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শুরুতে ইনকগনিটো মোড শুধু বার্তার ক্ষেত্রে কাজ করবে, ছবির ক্ষেত্রে নয়। পাশাপাশি মেটা এআইয়ের নিরাপত্তা ব্যবস্থা অবৈধ বা ক্ষতিকর প্রশ্নের উত্তর এড়িয়ে চলবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে অন্য কোনো এআই চ্যাটবট ব্যবহারের সুযোগ নেই। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা কেবল মেটার নিজস্ব এআই ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: এবার টাকার বিনিময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ
বিনিয়োগ বিশ্লেষক সুজানা স্ট্রিটার বলেন, মেটা ২০২৬ সালের মধ্যে এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা করেছে। সফল হলে এটি প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ও বাণিজ্যিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








