তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ৩১ মে ২০২৬

নিরাপত্তা ত্রুটি প্রকাশ করায় গবেষককে আইনি হুমকি, বিতর্কে মাইক্রোস

নিরাপত্তা ত্রুটি প্রকাশ করায় গবেষককে আইনি হুমকি, বিতর্কে মাইক্রোস

ছবি: সংগৃহীত

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে এক স্বাধীন নিরাপত্তা গবেষককে আইনি ব্যবস্থার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সম্প্রতি ‘নাইটমেয়ার ইক্লিপস’ ছদ্মনামে পরিচিত এক গবেষক মাইক্রোসফটের কয়েকটি নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দেখান, কীভাবে এসব ত্রুটি কাজে লাগানো সম্ভব। প্রকাশিত ত্রুটিগুলোর মধ্যে কম্পিউটারের সুরক্ষা ব্যবস্থা এবং তথ্য নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু দুর্বলতা ছিল।

এ বিষয়ে মাইক্রোসফটের দাবি, সংশ্লিষ্ট গবেষক প্রতিষ্ঠানটিকে আগে থেকে ত্রুটিগুলোর বিষয়ে অবহিত করেননি। ফলে সমস্যাগুলো সমাধানের সুযোগ পাওয়ার আগেই সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে, যা সাইবার অপরাধীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের ডিজিটাল অপরাধ দমন বিভাগ এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও নেওয়া হবে।

তবে গবেষক নাইটমেয়ার ইক্লিপসের বক্তব্য ভিন্ন। তার দাবি, তিনি এর আগে মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিষ্ঠানটি সহযোগিতা করেনি। এমনকি নিরাপত্তা ত্রুটি জানানোর জন্য ব্যবহৃত তার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি জনসমক্ষে ত্রুটিগুলোর তথ্য প্রকাশ করেন। এর পরপরই তার আরও কয়েকটি অনলাইন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনাটি নিয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি বড় অংশ মাইক্রোসফটের সমালোচনা করেছেন। তাদের মতে, এ ধরনের অবস্থান স্বাধীন গবেষকদের নিরুৎসাহিত করতে পারে এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি প্রকাশের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাটি মোজোরিস বলেন, আইনি ব্যবস্থার ইঙ্গিত গবেষকদের মধ্যে ভীতি তৈরি করতে পারে। এতে অনেকে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি প্রকাশে অনাগ্রহী হয়ে পড়তে পারেন।

অন্যদিকে নিরাপত্তা গবেষক কেভিন বিউমন্টের মতে, নিরাপত্তা ত্রুটির কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষামূলক তথ্য প্রকাশকে অপরাধ হিসেবে বিবেচনা করা উদ্বেগজনক।

আরও পড়ুন: পুরোনো আইপড ও ম্যাকবুকে প্রযুক্তি সহায়তা বন্ধ করছে অ্যাপল

প্রযুক্তি খাতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো দীর্ঘদিনের একটি স্বীকৃত চর্চা। তবে ত্রুটি প্রকাশের নীতিমালা, সময়সীমা এবং গবেষকদের দায়িত্ব নিয়ে বিতর্ক এখনও পুরোপুরি শেষ হয়নি। মাইক্রোসফট ও নাইটমেয়ার ইক্লিপসের সাম্প্রতিক বিরোধ সেই পুরোনো বিতর্ককেই আবার সামনে নিয়ে এসেছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়