News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫১, ২৯ মে ২০২৬

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজসংলগ্ন তালতল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। এতে লেগুনার যাত্রীরা বেশি আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি টাকা টোল আদায়

ক্রসিং পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়