টেকনাফে সংঘর্ষে কিশোর নিহত, আটক ১
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছোড়া পাথরের আঘাতে ইব্রাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত ২৮ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ব্রিজ এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওমর ফারুক, মো. তৈয়ব ও মো. শফিক একটি টমটম (স্থানীয় যান) যোগে শাহপরীর দ্বীপ এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। যানটি হারিয়াখালী ব্রিজ এলাকায় পৌঁছালে একই এলাকার রাজু, রবিউলসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জন যুবক তাদের পথরোধ করে। এ সময় দু’পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
প্রাথমিক উত্তেজনা শেষে ওমর ফারুক, শফিক ও তৈয়ব ঘটনাস্থল ত্যাগ করে বাড়ি ফিরে যান। তবে ঘটনার এখানেই শেষ হয়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে ক্ষুব্ধ রাজু, রবিউল ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ওমর ফারুকের বাড়িতে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি এলোপাতাড়ি পাথর ছুড়তে থাকে। এ সময় পাথরের আঘাতে গুরুতর আহত হয় কিশোর ইব্রাহিম।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। নিহত ইব্রাহিম সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকার সামশুল আলমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম নামে এক কিশোর নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রবিউল নামে ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে।
ওসি আরও জানান, লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








