স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৪, ১০ জুন ২০২৬

অনার্সের কোনো বিষয় বন্ধের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

অনার্সের কোনো বিষয় বন্ধের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধ করার পরিকল্পনা সরকারের নেই। বিশেষ করে বাংলা, দর্শন ও ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে অনার্স বাতিলের যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন।

মঙ্গলবার (১০ জুন)  সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আমার জানামতে এ ধরনের কোনো আলোচনা হয়নি। বাংলা আমাদের মাতৃভাষা, এটি বাদ দেওয়ার প্রশ্নই আসে না। এমন কোনো সিদ্ধান্ত বা আলোচনা কোথাও হয়নি।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বাংলা, দর্শন, ইতিহাসসহ ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ দাবিকে নাকচ করে মন্ত্রী বলেন, সরকার কর্মবাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয় চালুর ওপর গুরুত্ব দিচ্ছে, কিন্তু বিদ্যমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, আমরা কারিগরি ও আধুনিক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি। বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত নতুন কোর্স চালু করা হচ্ছে। কিন্তু বাংলা, ইতিহাস বা দর্শনের মতো বিষয় বাদ দেওয়ার কোনো আলোচনা হয়নি।

অনার্স কোর্স কমিয়ে আনা বা কোনো বিষয়ে অনার্স শিক্ষা বন্ধ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় টিভিতে সম্প্রচারের ঘোষণা

এদিকে, মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কোনো অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে এ ধরনের প্রচারিত তথ্যকে গুজব হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়