আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা
ছবি: সংগৃহীত
ঢাকার আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় হঠাৎ করে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সব প্রবেশপথ বন্ধ করে দেয়। পরে ১ নম্বর গেটের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে টাইমস অব বাংলাদেশের একজন স্টাফ রিপোর্টার এবং দীপ্ত টেলিভিশনের ক্যামেরাপারসন রয়েছেন। এ সময় বৈশাখী টেলিভিশনের একটি ক্যামেরা ভাঙচুর করা হয় বলেও জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মগবাজার থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও হাসপাতালের নিরাপত্তাকর্মীদের মারমুখী আচরণের অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: পর্যটকরা নোনা জলে ঈদ আনন্দে মাতোয়ারা
পরবর্তীতে পরিস্থিতি শান্ত করতে হাসপাতালের একজন সিনিয়র ম্যানেজার ঘটনাস্থলে আসেন। তবে ক্ষুব্ধ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








