রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত অন্তত ৮০
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহায় রাজধানীতে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত আহত হয়েছেন অন্তত ৮০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ বর্তমানে হাসপাতালে ভর্তি নেই। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, কোরবানির পশুর লাথি ও শিংয়ের আঘাতের পাশাপাশি ধারালো দা ও ছুরির ব্যবহারের সময় হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন অনেকে। পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতাবশত এসব দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ ও বংশাল এলাকার বাসিন্দারা রয়েছেন। পাশাপাশি সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার মানুষও আহত হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ঢাকায় পশু কোরবানির পর শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম
চিকিৎসকরা জানিয়েছেন, ঈদের সময় কোরবানির পশু ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন না করার কারণেই এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে থাকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








