নতুন কোয়ান্টাম চিপ ‘মেজরানা ২’ উন্মোচন করল মাইক্রোসফট
ছবি: সংগৃহীত
কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির উন্নয়নে নতুন অগ্রগতির ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি ‘মেজরানা ২’ নামের নতুন প্রজন্মের একটি কোয়ান্টাম চিপ তৈরি করেছে, যা আগের সংস্করণের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য বলে দাবি করেছে তারা।
কোয়ান্টাম কম্পিউটিংয়ের মূল ভিত্তি হলো ‘কিউবিট’। প্রচলিত কম্পিউটারের বিটের তুলনায় কিউবিট অনেক বেশি জটিল গণনা সম্পাদন করতে সক্ষম। এ কারণে ভবিষ্যতের উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার তৈরিতে কোয়ান্টাম প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মাইক্রোসফটের তথ্যমতে, নতুন মেজরানা ২ চিপের কিউবিটগুলো গড়ে প্রায় ২০ সেকেন্ড পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। এটি আগের মেজরানা ১ চিপের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি নির্ভরযোগ্য। প্রতিষ্ঠানটির দাবি, এ অগ্রগতি আগামী কয়েক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য কোয়ান্টাম কম্পিউটার তৈরির পথ আরও সহজ করবে।
মাইক্রোসফট কোয়ান্টামের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জুলফি আলম বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২৯ সালের মধ্যে এমন একটি কোয়ান্টাম যন্ত্র তৈরি করা, যা বাণিজ্যিকভাবে কার্যকর হবে এবং বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। তবে সে লক্ষ্য অর্জনে এখনও অনেক কাজ বাকি রয়েছে। কারণ, বাণিজ্যিকভাবে সফল কোয়ান্টাম কম্পিউটার তৈরি করতে লাখ লাখ কিউবিট প্রয়োজন হবে।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেজরানা ২ মূলত প্রথম প্রজন্মের চিপের একই প্রযুক্তিগত ভিত্তির ওপর তৈরি করা হয়েছে। তবে নতুন সংস্করণে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো সুপারকন্ডাক্টর বা অতিপরিবাহী উপাদান হিসেবে অ্যালুমিনিয়ামের পরিবর্তে সিসা ব্যবহার করা, যা কিউবিটের স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়াতে সহায়তা করেছে।
আরও পড়ুন: ওপেনএআইয়ে সরকারি অংশীদারত্বের ইঙ্গিত দিলেন ট্রাম্প
উল্লেখ্য, মাইক্রোসফট প্রায় দুই দশক ধরে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ‘টপোলজিক্যাল’ পদ্ধতি নিয়ে গবেষণা করছে। এ পদ্ধতি বিশেষ ধরনের একটি কোয়াসি-পার্টিকেলের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তৈরি, যা ভবিষ্যতে আরও স্থিতিশীল ও শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: বিবিসি
নিউজবাংলাদেশ.কম/এসবি








