স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল, এআই খাতে বড় চুক্তি
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ আরও বাড়াচ্ছে গুগল। এ লক্ষ্যে ইলন মাস্কের মহাকাশ ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে একটি বড় অঙ্কের চুক্তি করেছে গুগল।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রতি মাসে স্পেসএক্সকে ৯২ কোটি ডলার পরিশোধ করবে গুগল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রতি মাসে প্রায় ১১ হাজার কোটি টাকার বেশি।
এর বিনিময়ে গুগল প্রায় ১ লাখ ১০ হাজার এনভিডিয়া জিপিইউ, সিপিইউ, মেমোরি এবং সংশ্লিষ্ট কম্পিউটিং অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবে বলে জানা গেছে।
স্পেসএক্স জানিয়েছে, এআই সেবার দ্রুত বাড়তে থাকা চাহিদা মেটাতে অতিরিক্ত কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন। সেই প্রয়োজন পূরণেই এই চুক্তি।
গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নতুন এআই পণ্য ও সেবার ব্যবহার প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ছে। বিশেষ করে জেমিনি এন্টারপ্রাইজ এবং এআই এজেন্ট প্ল্যাটফর্মে গ্রাহকদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
এর আগে মে মাসে স্পেসএক্স একই ধরনের আরেকটি বড় চুক্তি করে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে, যেখানে মাসে ১২৫ কোটি ডলার বিনিয়োগের কথা বলা হয়।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট চলতি বছরে ১৮০ বিলিয়ন ডলারের বেশি মূলধনি ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি এআই অবকাঠামো সম্প্রসারণে ৮০ বিলিয়ন ডলারের নতুন শেয়ার বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে।
চুক্তিতে শর্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের পর উভয় পক্ষ ৯০ দিনের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে।
এদিকে স্পেসএক্স আগামী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। কোম্পানিটি প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে, যার ফলে এর বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ডলার।
আরও পড়ুন: স্বচালিত গাড়ির প্রযুক্তি উন্নয়নে ৫০০ তথ্যসংগ্রহকারী যান নামাচ্ছে উবার
বিশ্লেষকদের মতে, এআই খাতে তীব্র প্রতিযোগিতার কারণে প্রযুক্তি জায়ান্টগুলো এখন বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি নিশ্চিত করতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। গুগল ও স্পেসএক্সের এই চুক্তি সেই প্রবণতারই একটি বড় উদাহরণ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








