স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৭, ৮ জুন ২০২৬
আপডেট: ১৩:২৯, ৮ জুন ২০২৬

হামে শিশুর মৃত্যু: ইউনূস, নুরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে শিশুর মৃত্যু: ইউনূস, নুরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ছবি: সংগৃহীত

হাম ও রুবেলা টিকা যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকির মুখে ফেলা এবং টিকার সংকটের কারণে দেশে মহামারি পরিস্থিতি সৃষ্টির অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে এ আবেদন করেন।

দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় দায়ের করা আবেদনের বিষয়ে শুনানি শেষে আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ।

মামলার আবেদনের সময় বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান আদালতে উপস্থিত ছিলেন।

আবেদনে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে হাম ও রুবেলার টিকা নিয়মিতভাবে সরবরাহ করা হয়। তবে অভিযুক্তদের নির্দেশে ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানির প্রচলিত প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। পরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও দীর্ঘ সময় বিলম্ব হওয়ায় দেশে টিকার সংকট দেখা দেয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স টিকার সম্ভাব্য সংকট সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, টিকার সংকটের ফলে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। সরকারি তথ্যের বরাত দিয়ে আবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ৭৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং শত শত শিশুর মৃত্যু ঘটেছে।

এছাড়া কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনাও আবেদনে উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, অভিযুক্তদের অবহেলা ও দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এসব ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: রামিসা হত্যা মামলার রায় বহালের আশা আইনমন্ত্রীর

আবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়