রাজধানীতে গ্যাস বিস্ফোরণের দুই ঘটনায় দগ্ধ ৬
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরখান ও মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে উত্তরখানের একটি বাসায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হন।
তারা হলেন- আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনাহেনা (৪০) এবং মেয়ে আঁখি (৩০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
দগ্ধ দম্পতির ছেলে রাতুল হাসান তুষার জানান, চিকিৎসকরা তার বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
অন্যদিকে, শনিবার ভোরে মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হন। সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
দগ্ধরা হলেন- মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।
ডা. শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। তাদেরও হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
দুই ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








