পটুয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অতিরিক্ত মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাগবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় বরপক্ষের এক অতিথি কনেপক্ষের একজন পরিবেশনকারীর কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। এ সময় রোস্টের পরিবর্তে অন্য মাংস পরিবেশন করা হলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
কনের মামা বাবলু আকন বলেন, রোস্ট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বরপক্ষের এক ব্যক্তি হামলা চালালে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
আরও পড়ুন: রাজধানীতে গ্যাস বিস্ফোরণের দুই ঘটনায় দগ্ধ ৬
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








