আমলকী খাওয়ার সেরা উপায় কোনটি?
ছবি: সংগৃহীত
আমলকী শুধু কাঁচা ফল হিসেবেই নয়, মোরব্বা, চাটনি কিংবা রস হিসেবেও বেশ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর এই ছোট সবুজ ফলটিকে অনেকেই ‘সুপারফুড’ বলে থাকেন। নিয়মিত আমলকী খেলে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের বিভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়।
কেন এত উপকারী আমলকী?
আমলকীতে রয়েছে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা ধরনের উপকারী উদ্ভিজ্জ যৌগ। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কোষের ক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমলকীর রস: সহজে খাওয়া যায়, তবে ফাইবার কম
অনেকেই আমলকীর রস পান করতে পছন্দ করেন। এতে ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া গেলেও রস তৈরির সময় ফলের বেশিরভাগ ফাইবার নষ্ট হয়ে যায়। ফলে হজমশক্তি ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ উপাদান থেকে শরীর বঞ্চিত হয়।
কাঁচা আমলকী: সবচেয়ে বেশি পুষ্টিগুণ
আস্ত কাঁচা আমলকী খেলে এর ফাইবারসহ প্রায় সব পুষ্টি উপাদান পাওয়া যায়। তবে এর তীব্র টক ও কষা স্বাদের কারণে অনেকের কাছে এটি খেতে অস্বস্তিকর মনে হতে পারে। এছাড়া অতিরিক্ত পরিমাণে খেলে কারও কারও হজমের সমস্যাও দেখা দিতে পারে।
ফার্মেন্টেড আমলকী: বিশেষজ্ঞদের পছন্দ
পুষ্টিবিদদের মতে, ফার্মেন্টেড বা গাঁজন করা আমলকী খাওয়ার অন্যতম ভালো উপায়। এতে ফলের ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান বজায় থাকে। পাশাপাশি গাঁজন প্রক্রিয়ার কারণে এতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এবং হজমশক্তি বাড়াতে সহায়তা করে।
আরও পড়ুন: ফ্রিজ ছাড়া গরু-খাসির মাংস ভালো রাখার সময়সীমা জানুন
দিনে কতটুকু আমলকী খাওয়া উচিত?
আমলকী খাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। দিনের যেকোনো সময় এটি খাওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা প্রতিদিন ৩ থেকে ৫টি আমলকী খাওয়ার পরামর্শ দেন। ভালোভাবে চিবিয়ে খেলে এর ফাইবার ও পুষ্টিগুণ শরীর সবচেয়ে ভালোভাবে গ্রহণ করতে পারে।
আমলকী যেভাবেই খাওয়া হোক না কেন, পরিমিত পরিমাণে নিয়মিত খেলে এটি সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








