News Bangladesh

লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৮, ২৯ মে ২০২৬

ফ্রিজ ছাড়া গরু-খাসির মাংস ভালো রাখার সময়সীমা জানুন

ফ্রিজ ছাড়া গরু-খাসির মাংস ভালো রাখার সময়সীমা জানুন

ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে পশু জবাই, মাংস কাটা, বণ্টন ও সংরক্ষণ সব মিলিয়ে থাকে বড় এক কর্মযজ্ঞ। তবে মাংস কাটার পর সবচেয়ে বড় দুশ্চিন্তা হয় এটি কতক্ষণ ফ্রিজ ছাড়া ভালো থাকবে।

অনেকের ধারণা, মাংস কাটার পরপরই ফ্রিজে রাখতে হয়, না হলে নষ্ট হয়ে যাবে। কিন্তু বাস্তবে ফ্রিজ ছাড়াও নির্দিষ্ট সময় পর্যন্ত মাংস নিরাপদভাবে সংরক্ষণ করা সম্ভব।

স্বাভাবিক পরিবেশে মাংস কতক্ষণ ভালো থাকে?
পুষ্টিবিজ্ঞান ও খাদ্য বিশেষজ্ঞদের মতে, কাঁচা মাংস কাটার পর স্বাভাবিক ঘরের তাপমাত্রায় সাধারণত ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত ভালো থাকে। তবে এটি নির্ভর করে ঘরের তাপমাত্রা, আর্দ্রতা এবং সংরক্ষণের পদ্ধতির ওপর।

যদি ঘরের তাপমাত্রা বেশি থাকে বা ভ্যাপসা গরম হয়, তাহলে এই সময়সীমা কমে ৪ ঘণ্টায় নেমে আসতে পারে। নির্দিষ্ট সময়ের বেশি খোলা অবস্থায় রাখলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়, ফলে মাংস নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

গরু ও খাসির মাংসে কি পার্থক্য আছে?
গরুর মাংস সাধারণত বড় টুকরো হওয়ায় ভেতরে তাপ বেশি থাকে। তাই কাটার পর এটি ফ্যানের বাতাসে ছড়িয়ে রেখে দ্রুত ঠান্ডা করা উচিত। এভাবে রাখলে ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত ভালো থাকে।

অন্যদিকে খাসি বা ভেড়ার মাংস ছোট টুকরো হওয়ায় দ্রুত ঠান্ডা হয়। তবে এতে আর্দ্রতা দ্রুত শুকিয়ে যেতে পারে। এটিও পরিষ্কার ও বাতাস চলাচল করে এমন স্থানে ৫ ঘণ্টার মতো নিরাপদ থাকে।

ফ্রিজ ছাড়া মাংস ভালো রাখার কিছু উপায়
মাংস দীর্ঘ সময় ভালো রাখতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি-

১. রক্ত ও পানি ঝরানো: মাংস কাটার পর ঝুড়ি বা চালুনিতে রেখে অতিরিক্ত রক্ত ও পানি ঝরিয়ে নিতে হবে।
২. স্তূপ করে না রাখা: মাংস এক জায়গায় জড়ো না করে ফ্যানের বাতাসে ছড়িয়ে রাখতে হবে।
৩. বাতাস চলাচল নিশ্চিত করা: বন্ধ পাত্রে না রেখে খোলা ও বাতাস চলাচলকারী স্থানে রাখতে হবে।
৪. লবণ ব্যবহার: দেরি হলে মাংসের গায়ে হালকা লবণ মাখিয়ে রাখা যেতে পারে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করে।

আরও পড়ুন: ঈদে বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

কোরবানির পর মাংস সংরক্ষণে তাড়াহুড়া না করে সঠিক নিয়ম মেনে চলা জরুরি। ফ্যানের বাতাসে ছড়িয়ে রেখে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে ভাগ বা ফ্রিজে রাখলে মাংসের স্বাদ, গুণগত মান ও পুষ্টিগুণ ভালো থাকে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়