News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ২৯ মে ২০২৬
আপডেট: ০৯:০৯, ২৯ মে ২০২৬

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: জাতীয় সংকটে সেনাবাহিনীর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়