বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা নেদারল্যান্ডসের
ছবি: সংগৃহীত
আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে সাজানো হয়েছে ‘অরেঞ্জ’ বাহিনী।
ইনজুরি শঙ্কা থাকলেও দলে জায়গা পেয়েছেন নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতা মেমফিস ডিপাই এবং আর্সেনাল-এর ডিফেন্ডার জুরিয়েন টিম্বার।
৩২ বছর বয়সী ডিপাই জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৫ গোল করেছেন। তবে উরু ও কাফের চোটে ভুগছেন তিনি। গত দুই মাসে তার ক্লাব করিন্থিয়ান্স-এর হয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন।
নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান দলে রেখেছেন জুরিয়েন টিম্বারকেও। ইনজুরি কাটিয়ে চলতি সপ্তাহেই অনুশীলনে ফিরেছেন এই ডিফেন্ডার। সামনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
দলে প্রথমবার সুযোগ পেয়েছেন ক্রিসেনসিও সামারভিল ও গোলরক্ষক রবিন রুফস। এছাড়া প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মার্টেন ডে রুন। জাতীয় দলের হয়ে ৪২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আগামী ৩ জুন আলজেরিয়া জাতীয় ফুটবল দল এবং ৮ জুন উজবেকিস্তান জাতীয় ফুটবল দল-এর বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল
গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রুফস, বার্ট ফেরব্রুগেন।
ডিফেন্ডার: নাথান আকে, ডেনজেল ডামফ্রিস, জোরেল হাটো, মিকি ফন ডে ভেন, জুরিয়েন টিম্বার, ভার্জিল ফন ডাইক, জান পল ফন হেকে।
আরও পড়ুন: ঈদের ছুটিতে হ্যাটট্রিক ট্রফির খোঁজে বাংলাদেশ
মিডফিল্ডার: ফ্রেংকি ডি ইয়ং, মার্টেন ডে রুন, রায়ান গ্রাভেনবার্খ, জাস্টিন ক্লুইভার্ট, টিউন কপমেইনার্স, তিজানি রেইনডার্স, গুস টিল, কুইন্টেন টিম্বার, ম্যাটস উইফার।
ফরোয়ার্ড: ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপাই, কডি গাকপো, নোয়া ল্যাং, ডোনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল ও ওয়াউট ভেগহর্স্ট।
নিউজবাংলাদেশ.কম/এসবি








