নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৯, ৩১ মে ২০২৬

কঠিন সময়ের সতর্কবার্তা দিলেন তারেক রহমান

কঠিন সময়ের সতর্কবার্তা দিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও দূরদর্শী পরিকল্পনা অনুসরণ করেই বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই জটিল সন্ধিক্ষণে সবাই সজাগ ও সতর্ক না থাকলে দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে।

রবিবার (৩১ মে) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, তা তৎকালীন সময়ে পূরণ হয়নি। শহীদ জিয়া একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু তার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে খুব অল্প সময়ে তিনি দেশের আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে জিয়াউর রহমানের নামেই মানুষ বাংলাদেশকে চিনতো। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস আলম

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত ১৭ বছরে বাংলাদেশে কী চলেছে তা সবার জানা। এই দীর্ঘ সময়ে দেশের বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও নির্বাচন ব্যবস্থাসহ গণতন্ত্রকে পুরোপুরি হত্যা করা হয়েছে, দেশের প্রতিটি মানুষ যার জীবন্ত সাক্ষী। অনেকটা একই রকম একটি ধ্বংসস্তূপ ও ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়েই বর্তমান বিএনপি সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেছে।

দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি প্রচলিত কথা আছে ‘যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে’। বাংলাদেশের মানুষের সব প্রত্যাশাও এখন বিএনপির কাছে। কারণ এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের মাঝে এর শক্ত ভিত্তি স্থাপন করেছেন। ফলে মানুষ বিএনপির কাছ থেকেই কিছু পাওয়ার আশা করে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহার তথা রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে। ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে যখন স্পষ্ট হলো যে দেশের মানুষ ‘টু-থার্ড মেজরিটি’ বা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এই পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে, তখন এই ম্যানিফেস্টো আর শুধু বিএনপির একক কোনো দলিল থাকেনি; এটি এখন দেশের ৫২ শতাংশ মানুষের রায় ও পরিকল্পনায় পরিণত হয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে জনগণের দেওয়া সেই রায় ও ইশতেহার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা এখন সরকারের প্রধান দায়িত্ব।

সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নে শহীদ জিয়ার দর্শনের প্রাসঙ্গিকতা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে শহীদ জিয়ার গণমুখী কর্মসূচি যেমন খাল খনন, শিক্ষার প্রসার ও গার্মেন্টস শিল্পের বিপ্লবের মতো বুনিয়াদি বিষয়গুলোর প্রতিফলন রয়েছে এবং সরকার এখন সেই কাজগুলোই অগ্রাধিকার ভিত্তিতে করছে। তবে এই লক্ষ্য অর্জন শুধু সরকারের ওপর মহলে কিংবা মন্ত্রী-এমপিদের পরিশ্রমে সম্ভব নয়। যেভাবে নির্বাচনের সময় তাঁতী দল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদলসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে দলের বিজয় নিশ্চিত করেছেন, ঠিক একইভাবে সরকারের কর্মসূচিগুলো সফল করতেও সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সরকারের সঠিক ও জনকল্যাণমুখী কাজে সহযোগিতা করলেই এই প্রশাসন সফল হবে এবং জনগণের চোখে একটি সফল সরকার হিসেবে চিরস্থায়ী প্রতিষ্ঠা লাভ করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়