রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৮, ৭ জুন ২০২৬
আপডেট: ২০:৫৮, ৭ জুন ২০২৬

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

গ্রামাঞ্চলে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের সম্পূরক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

সংসদে রুমিন ফারহানা বলেন, “আমরা লোডশেডিং বলি বা মেরামত শেডিং বলি, বাস্তবতা হলো গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।”

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি সরকারের দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন হচ্ছে না।

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী পূর্বে সংসদে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি।

এর জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে গ্যাসের সীমাবদ্ধতা রয়েছে এবং বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, গ্যাসের সীমাবদ্ধতার কারণে সবখানে একসঙ্গে সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে অগ্রাধিকার দিতে হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে গ্যাস অনুসন্ধানে যথেষ্ট উদ্যোগ না থাকলেও বর্তমান সরকার নতুন ড্রিলিং কার্যক্রম শুরু করেছে এবং ভবিষ্যতে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত’

এদিকে সংসদ অধিবেশনে বিষয়টি নিয়ে স্পিকার সংশ্লিষ্ট মন্ত্রীকে সতর্ক করেন বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়