রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় তিনি এ ধন্যবাদ জানান। একই সঙ্গে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
তিনি আশা প্রকাশ করেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতেও একই ধরনের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরাও রামিসা হত্যা মামলায় প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। একই সঙ্গে অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আরও পড়ুন: রামিসাসহ ধর্ষণ-হত্যার শিকার শিশুদের স্মরণে জাতীয় সংসদে শোক
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। দেশজুড়ে আলোড়ন তোলা এ ঘটনায় দ্রুত তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং অল্প সময়ের মধ্যেই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয়। সম্প্রতি আদালত মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








