সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়ে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির
ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি চিঠিতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন এবং আলোচনার পুরো সময়জুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান জানিয়েছেন। তবে এর আগে রাশিয়ার পক্ষ থেকে এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করা হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই নেতা বৈঠকে বসলে তা ইতিবাচক হবে এবং যুদ্ধ সমাধানের পথে অগ্রগতি আসতে পারে বলে তিনি মনে করেন।
ক্রেমলিন জানিয়েছে, জেলেনস্কির পাঠানো চিঠি তারা পেয়েছে এবং বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হবে। চিঠির ভাষা ছিল কঠোর ও কূটনৈতিকভাবে আক্রমণাত্মক, যেখানে রাশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং পুতিনের দীর্ঘ শাসনকাল নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে পুতিন জানিয়েছেন, তিনি শান্তি আলোচনায় আগ্রহী, তবে এর জন্য ইউক্রেনকে কিছু শর্ত মানতে হবে। রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান অনুযায়ী, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়ার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করতে হবে।
তবে ইউক্রেন এসব শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং ভূমি ছাড়ার বিষয়ে কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছে।
আরও পড়ুন: শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন
বিশ্লেষকদের মতে, দুই দেশের অবস্থান এখনো এতটাই ভিন্ন যে সরাসরি বৈঠকের সম্ভাবনা অনিশ্চিত রয়ে গেছে। তবে কূটনৈতিক চাপ ক্রমেই বাড়ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি







