স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৫, ৩ জুন ২০২৬

ঈদের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ঈদের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে রবিবার (৭ জুন) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। প্রায় দুই সপ্তাহের বেশি সময় পর শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয় ২৪ মে থেকে। নির্ধারিত ছুটি শেষ হবে ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি স্তরের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা প্রায় ১৬ দিনের অবকাশ কাটিয়েছে। ২১ মে ছিল শেষ কার্যদিবস, এরপর সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে ২২ মে থেকেই মূলত ছুটির আমেজ শুরু হয়।

অন্যদিকে মাদরাসাগুলোর ছুটি তুলনামূলকভাবে দীর্ঘ। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসায় ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন থেকে এসব প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ কাটাবে।

আরও পড়ুন: আবারও পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, জুন মাসে স্কুল ও কলেজ খোলার পর জুলাই ও আগস্ট মাসে একাধিক সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসেও আরও কিছু ধর্মীয় ও জাতীয় দিবসে ছুটি থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়