স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ৯ জুন ২০২৬
আপডেট: ১৪:২০, ৯ জুন ২০২৬

আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের নির্দেশ

ফাইল ছবি

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলসহ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিস কক্ষ এবং প্রশ্নপত্র খোলার কক্ষকে অবশ্যই সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে।

যেসব কেন্দ্রে এখনো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি, সেগুলোকে আগামী ২০ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে স্থাপনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সিসিটিভি সংক্রান্ত তথ্য নির্ধারিত পদ্ধতিতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রের তথ্য ও সিসিটিভি-সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে।

পরীক্ষার নিরাপত্তা আরও জোরদার করতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশও দেওয়া হয়েছে। প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, ট্যাগ অফিসার বা কর্মকর্তা-কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরসহ বোর্ডের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

আরও পড়ুন: অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা-সংক্রান্ত সব ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তা কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়