লেবাননে যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত
লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির দাবি, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে যেকোনো সমঝোতার ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতি বজায় থাকা একটি অপরিহার্য শর্ত।
সোমবার (০১ জুন) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, আমরা জোরালোভাবে বলতে চাই, যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে যেকোনো চুক্তিতে পৌঁছানোর জন্য লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা একটি আবশ্যকীয় শর্ত।
বাঘাই আরও জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা বা দরকষাকষি চলছে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পারমাণবিক ফাইলের খুঁটিনাটি বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না। পরমাণু বিষয়ে কখন কী পদক্ষেপ নিতে হবে, তা ইরান ভালো করেই জানে। বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধ বন্ধ করা।
ইরানের দাবি, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে লেবাননে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ইসরায়েল তা উপেক্ষা করে সামরিক অভিযান ও হামলা অব্যাহত রেখেছে। বাঘাই বলেন, লেবাননের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো চুক্তি সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে মার্কিন প্রশাসনের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
বাঘাই বলেন, আজ (সোমবার) সকালেও মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা বজায় রাখতে যা যা প্রয়োজন, তার সব ধরনের পদক্ষেপই আমরা গ্রহণ করব।
আরও পড়ুন: মার্কিন হামলার জবাবে কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত, আহত ৭
এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা সপ্তাহান্তে ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে অবস্থিত রাডার এবং ড্রোন স্থাপনায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এ হামলাকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে।
অন্যদিকে, ইরানও একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে। সূত্র: আল-জাজিরা
নিউজবাংলাদেশ.কম/এসবি








