প্রতিটি নাগরিককে মাথায় রেখে বাজেট প্রণয়ন করা হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
দেশের প্রতিটি নাগরিককে মাথায় রেখে আসন্ন বাজেট প্রণয়ন করা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও আমরা চেষ্টা করছি সবার কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করতে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে অর্থনীতিতে বড় ধরনের চাপ ও ঋণের বোঝা রয়েছে। এর মধ্যেই দায়িত্ব গ্রহণ করে সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করছে।
অর্থমন্ত্রী বলেন, আমরা খুবই ভঙ্গুর অবস্থার মধ্যে আছি। তবে এটিই নতুন শুরু হতে পারে। সময় দিলে সামনে ভালোভাবে এগিয়ে যাওয়া সম্ভব।
তিনি জানান, বাজেটের মাধ্যমে অর্থনীতিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতি হবে বিনিয়োগনির্ভর। অতীতে ঋণনির্ভর অর্থনীতির কারণে চাপ তৈরি হয়েছে। ভবিষ্যতে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: এলডিসি উত্তরণে আরও ৩ বছর পেল বাংলাদেশ
তিনি আরও বলেন, সরকারি ব্যয় ধীরে ধীরে কমিয়ে আনা এবং উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে, যাতে অর্থনীতি আরও টেকসই পথে এগিয়ে যেতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








