স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৫, ৫ জুন ২০২৬
আপডেট: ১৪:১৬, ৫ জুন ২০২৬

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ফি, আইনজীবীর ব্যতিক্রমী ঘোষণা

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ফি, আইনজীবীর ব্যতিক্রমী ঘোষণা

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিঠুন সাহা। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত এই আইনজীবী ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা ক্লায়েন্টদের জন্য থাকবে বিশেষ সুবিধা।

শুক্রবার (৫ জুন) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। বিশ্বকাপের আনন্দকে আরও উপভোগ্য করে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপ উন্মাদনার মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে আইনসেবার ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে মিঠুন সাহা বলেন, 'আইন পেশা অত্যন্ত গুরুতর একটি বিষয় হলেও মানুষের সঙ্গে সম্পর্ক ও আন্তরিকতার জায়গাটাও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের মধ্যে যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে, তার সঙ্গে আমিও সম্পৃক্ত হতে চেয়েছি। তাই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এই বিশেষ অফারের ব্যবস্থা করেছি।'

তিনি আরও বলেন, 'খেলাধুলা মানুষকে একত্রিত করে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। আমার এই উদ্যোগের উদ্দেশ্য শুধু বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করা। আশা করি এটি ফুটবলপ্রেমীদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।'

তার এ ঘোষণাকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন: লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

উল্লেখ্য, মিঠুন সাহার চেম্বার ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় অবস্থিত। চেম্বারের নির্ধারিত সময় অনুযায়ী, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং অন্যান্য দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ক্লায়েন্টদের সেবা প্রদান করে থাকেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়