স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৩, ৭ জুন ২০২৬

জুনের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৮ কোটি ডলার 

জুনের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৮ কোটি ডলার 

ফাইল ছবি

চলতি জুন মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৩৯ লাখ ডলার।

রবিবার (৭ জুন) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে।

তবে সামগ্রিকভাবে চলতি অর্থবছরে প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসে সর্বকালের সর্বোচ্চ মাসিক রেমিট্যান্সের রেকর্ড গড়ে।

এছাড়া এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স আসে।

চলতি অর্থবছরের প্রথমার্ধেও প্রবাসী আয়ের প্রবৃদ্ধি অব্যাহত ছিল। ডিসেম্বর মাসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে।

অন্যদিকে আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার প্রবাসী আয় দেশে পাঠান প্রবাসীরা।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও কমল সোনার দাম

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়