হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৮৭ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও এক হাজার ২২১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৭৯ হাজার ১২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
আরও পড়ুন: ছয় শিশুর মৃত্যু: আইনি লড়াইয়ে যাবে আদ্-দ্বীন হাসপাতাল
হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের সময়মতো টিকা গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








